গাজীপুরে পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর শরিফপুর এলাকায় গতকাল সকালে টেক্স টেক কোম্পানি লিমিটেড নামের একটি কারখানায় কাজে যোগ দিতে এলে ৬০ শ্রমিকের কার্ড জমা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ কাজে যোগ দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের ২ হাজার ৭২টি কারখানার মধ্যে বুধবার পর্যন্ত ৬৩৮টি কারখানা খোলা হয়েছে। টেক্স টেক কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। ৬০ শ্রমিককে ছাঁটাইয়ের খবরে সকাল থেকে বিকেল পর্যন্ত গেটে অবস্থান করে তারা কর্তৃপক্ষের কোনো সাড়া পাননি। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইস্কান্দর হাবিব জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ছাঁটাই প্রক্রিয়া প্রত্যাহার করে ওই ৬০ শ্রমিককে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানান। পরে কারখানার মালিকপক্ষ আজ বৃহস্পতিবার থেকে ওই ৬০ শ্রমিককে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিলে আন্দোলনরত শ্রমিকরা প্রায় আধাঘণ্টা পর বিকেল ৩টার দিকে মহাসড়কের অবরোধ তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে টঙ্গীর আয়েশা গালিয়া পোশাক কারখানার শ্রমিকরা একই দিন বিক্ষোভ করেছেন। ওই কারখানার কয়েক শ্রমিককে ছাঁটাই করা হবে এমন সংবাদ পেয়ে তারা সকাল থেকে কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা অবরোধের জন্য পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাওয়ার চেষ্টা করেন। শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানিয়েছেন।