নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, যেকোনো দুর্যোগে স্থানীয় কাউন্সিলররা কাজ করেন। এ করোনার সময়েও লাশ দাফন থেকে শুরু করে সব কাজ তারা কাজ যাচ্ছেন। চাল দেওয়া থেকে শুরু করে কবরস্থান-শ্মশান সব জায়গাতেই সবাই যাচ্ছেন। হয়তো কেউ মিডিয়া কাভারেজ বেশি পাচ্ছেন আর অনেকে পাচ্ছেন না। আমি সব কাউন্সিলরকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে বিশেষ ওএমএসের চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘মরণঘাতী করোনা রোধে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৫ হাজার ওএমএস কার্ড পেয়েছে। কিন্তু এর চেয়ে বেশি চাহিদা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই সেগুলোও পাব।’
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, প্যানেল মেয়র বিভা হাসান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সহকারী আবুল হুসাইন প্রমুখ।
মেয়র আইভী আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ভালো আছে ভালো থাকবে। এটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস। এ জেলা থেকে কারও করোনা ছড়ায়নি। বরং অন্য জেলা থেকে আসা লোকজন এখান থেকে গিয়েই এ ভাইরাস ছড়াচ্ছে।’