রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় ওষুধ কিনতে ফার্মেসিতে গিয়ে সেখানেই মারা গেছেন এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির সঙ্গে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে ধারণা করা হচ্ছে, তার হৃদযন্ত্রে সমস্যা ছিল এবং তার ওষুধই কিনতে গিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আবদুর রশিদ (৪৫)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি ইউনাইটেড সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মেসিতে ওষুধ কেনার সময় হঠাৎ মেঝেতে পড়ে ছটফট করতে থাকেন আবদুর রশিদ। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাকে পানি পান করানোর চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। লাশও পড়ে থাকে কিছু সময়। বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ইউনাইটেড সিকিউরিটি কোম্পানির কর্মচারী রশিদ প্রেসক্রিপশন হাতে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে মারা যান।
গুলশান বিভাগের উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, ওই ব্যক্তি হার্টের রোগী ছিলেন। সকালে মোহাম্মদপুরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে নতুনবাজারে ওষুধ কিনতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এদিকে ফার্মেসিতে আবদুর রশিদের পড়ে থাকা লাশের ছবি মুহূর্তে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই তার আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন।