বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড ও ডিইপিজেড এলাকার এ-ওয়ান বিডি সোয়েটার কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে তারা বকেয়া বেতনের দাবিতে বন্ধ কারখানার সামনে অবস্থান নিয়ে আসছিলেন। কিন্তু কর্র্তৃপক্ষের সাড়া না পেয়ে বুধবার সকাল ১০টার দিকে তারা আবদুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। অন্যদিকে এ-ওয়ান কারখানার শ্রমিকরা জানান, চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রথমে তারা বেপজা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।