সৌদি প্রবাসীদের জন্য চালু হলো ‘প্রবাস বন্ধু কল সেন্টার’

সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা পরামর্শ দিতে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ চালু করা হয়েছে। গতকাল বুধবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে এ সেবা চালু করে। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কল সেন্টার চালুতে সহযোগিতা করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের ২২ লাখ প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সম্পর্কিত সেবা দিতে প্রবাস বন্ধু নামে এ কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের হটলাইন নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১। এছাড়া দুটি ইমো নম্বর হলো +৮৮০১৪০০৬১১৯৯-৮ ও ৮৮০১৯৫৮১০৫০২। অনলাইন পদ্ধতিতে সেবাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।