মুন্সীগঞ্জে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে ত্রাণ বিতরণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. জাহিদ ও শেখ ফরিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. শাহীন (৩৫), রাসেল শিকদার (২৮) ও ইমন শিকদারকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে মো. জাহিদ ও শেখ ফরিদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে উভয়ের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শাহীনের পায়ের রগ কেটে যায়। এ ছাড়া ধারালো ছোরার আঘাতে আহত হন রাসেল ও ইমন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।