মেয়ের সামনে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী

লালমনিরহাট পৌরসভার বত্রিশহাজারি এলাকায় আগুনে পুড়ে গৃহবধূ লাকী বেগমের (২৫) মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাদের ৭ বছর বয়সী মেয়ে। লাকীর স্বামী আবদুর রাজ্জাক খোকন (৫৫) মেয়ের সামনে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।

লালমনিরহট সদর থানার ওসি মাহফুল আলম জানান, নিহতের ৭ বছরের শিশু জানিয়েছে ২২ এপ্রিল রাতে আবদুর রাজ্জাক খোকনের সঙ্গে বাড়িতে দুই যুবক আসে। লাকী পরিচয় জানতে চাইলে তাকে বেধড়ক পেটায় খোকন। একপর্যায়ে লাকী অচেতন হলে মৃত ভেবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় খোকন। এ সময় ওই যুবকদ্বয় পালিয়ে যায়।

নিহতের পরিবার ও থানায় এজাহার সূত্রে জানা গেছে, জেলা সদরের উপশহর বত্রিশহাজারি তালুক খুটামারা বটতলা এলাকায় মৃত মোবারক হোসেনের ছেলে (চাকরিচ্যুত বিজিবি সদস্য) আবদুর রাজ্জাক খোকনের সঙ্গে পৌরসভার উত্তর খুটামারা এলাকার মৃত আবদুস সামাদের মেয়ে লাকী বেগমের (২৫) ৭ বছর আগে বিয়ে হয়। লাকী শহরের আলনাহিয়ান শিশু পরিবারে (সরকারি এতিমখানা) বেড়ে ওঠেন। সেখান থেকেই তিনি এসএসসি এবং পরে মামার বাড়িতে থেকে এইচএসসি পাস করেন। বিয়ের পর থেকেই লম্পট স্বামী মারধর করত লাকীকে।

২২ এপ্রিল রাতে খোকন বাড়িতে দুই যুবককে নিয়ে আসে। তারা দুজনই করপোরেট কোম্পানির কর্মকর্তা। লম্পট খোকন ওই দুই ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য লাকীকে চাপ দেয়। এতে লাকী রাজি না হলে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই দুই যুবক পালিয়ে যায়।