রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে সাটার বন্ধ করে চুলদাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে কারিগরসহ ৩জন দগ্ধ হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা
আশঙ্কাজনক অবস্থায় তাদের ৩জনকেই উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সেলুন মালিক ও কারিগর কালাম (৪০), চুল কাটাতে যাওয়া মো. রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)।
পল্টন থানার উপপরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নয়াপল্টন থানার ৪৪ নং "স্টাইল জোন" নামে সেলুনের মালিক কালাম রাত ৯টার দিকে দোকানের সাটার বন্ধ করে ভেতরে রাসেল নামের ওই যুবকের চুলদাড়ি কাটছিলেন।
তখন দোকানের ভেতর থাকা এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতর সব ঝলসে যায় ও বিস্ফোরণে দোকানের সাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। এতে পথচারী শাহ আলমসহ তারা ৩জন দগ্ধ হয়।
পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের ৩জনের অবস্থায়ই আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন এসআই আশরাফুল। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।