সামাজিক দূরত্বের বাইক বানিয়ে প্রশংসিত স্কুল ফেল করা এই যুবক

নভেল করোনাভাইরাস প্রতিরোধে কার্যকরী অস্ত্র হচ্ছে সামাজিক দূরত্ব। এটি মেনে চললে আক্রান্ত হওয়া থেকে রেহাই পাওয়া সম্ভব। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন হয়ে পড়ে। চলতে ফিরতে কাজ করতে গাড়িতে চড়তে-সব জায়গায়। 

তবে সামাজিক দূরত্ব রেখে গাড়িতে চড়ার জন্য একটি মোটরবাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের পার্থ সাহা নামে ৩৯ বছর বয়সী এক যুবক। অথচ জীবনে স্কুলই পাশ করতে পারেননি তিনি।

গাড়িতে চালক ও আরোহীর মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকবে মোটরবাইকটিতে। ফলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে না। 

এক ভাঙারি ব্যাবসায়ী থেকে পুরোনো একটি মোটর বাইক কিনেন ৩৯ বছর বয়সী পার্থ সাহা। ইঞ্জিন ফেলে দিয়ে দুই চাকার মধ্যে আরও দূরত্ব রেখে  রড ব্যবহার করে বানালেন প্যাসেঞ্জার সিট। সেইসঙ্গে জুড়ে দিলেন একটি ইলেক্ট্রিক ব্যাটারি। 

ত্রিপুরা রাজ্যের আগরতলার এই বাসিন্দা বলেন, এটা আমি নিজেই চালাই। সঙ্গে আমার ৮ বছর বয়সী মেয়ে থাকে। এতে সামাজিক দূরত্ব রক্ষা হয়। 

করোনা সংক্রমণ রোধে ভারতে চলমান লকডাউনে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো। এতে পার্থ সাহার এই গাড়ি বেশ উৎসাহ তৈরি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।