লকডাউনে আকাশপথ যেমন বন্ধ, তেমনি বাই রোডেও যাওয়ার উপায় নেই। কিন্তু বাবাকে তো শেষবারের মতো দেখতেই হবে। সদ্য প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি শেষ পর্যন্ত ইচ্ছা পূরণ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে গাড়িতে করে দিল্লি থেকে মুম্বাই রওয়ানা হয়েছেন।
৩৯ বছর বয়সী ঋদ্ধিমা দিল্লির এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন। ঋষি কাপুর মারা যাওয়ার সময় স্বামীর সঙ্গে সেখানেই ছিলেন।
বাবার অসুস্থতার খবর পাওয়ার পর প্রশাসনের কাছে চার্টার্ড বিমানে মুম্বাইয়ে যাওয়ার অনুমতি চান। লকডাউনের মাঝে তা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। সঙ্গে বলা হয়, তিনি চাইলে ব্যক্তিগত গাড়িতে করে দিল্লি থেকে মুম্বাই যেতে পারেন।
এরপর ব্যক্তিগত গাড়িতে করে প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমা।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে সব ব্যবস্থা করা হয়। মুম্বাই পৌছাতে তার ১৮ ঘণ্টা সময় লাগবে।’
মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী অভিনেত্রী নীতু সিং।
এনডিটিভি জানিয়েছে, ঋদ্ধিমাকে প্রথমে অনুমতি দেয়া হয়নি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপে সব ব্যবস্থা হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আবার বলা হয়েছে, বাবাকে শেষবার হয়তো দেখা হবে না ঋদ্ধিমার। তিনি পৌঁছানোর আগেই তাকে শশ্মানে নেয়া হতে পারে।
বাবার মৃত্যুর খবর শুনে ঋদ্ধিমা ইন্সটাগ্রামে লেখেন, ‘পাপা, আমি তোমাকে সব সময় ভালোবাসি। চিরশান্তিতে ঘুমাও আমার শক্তিমান যোদ্ধা। তোমাকে আবার দেখার আগ পর্যন্ত প্রতিদিন মিস করবো।’