জমির বিরোধে চাচাকে খুন

কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে শের আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে মোস্তাক আলী।

নিহত শের আলী কুষ্টিয়া সদর উপজেলার ১৩নং মনোহরদিয়া ইউনিয়নের মনোহরদিয়া গ্রামের মৃত আফিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে মনোহরদিয়া গ্রামের বাসিন্দা শের আলীর সাথে বাড়ির সীমানা নির্ধারণে চাচাতো ভাই তৈয়ব আলীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় তৈয়ব আলীর ছেলে সেলিম রেজা চাচা শের আলীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে শের আলী রক্তাক্ত জখমসহ অচেতন হন। এ সময় স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকজন গুরুতর আহত শের আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি তদন্ত) পরিদর্শক সঞ্জয় কুমার জানান, জমিজমা ভাগাভাগি ও সীমানা নির্ধারনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হলে ধারালো অস্ত্রের আঘাতে শের আলী নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাক আলী ৭জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। এজাহারভুক্ত প্রধান আসামী সেলিম রেজা (৩৫) কে গ্রেপ্তার করেছে  পুলিশ। এ মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।