‘হ্যান্ড অব গড’র কাছে ম্যারাডোনার প্রার্থনা

করোনাভাইরাসের মহামারি থেকে মুক্তির জন্য ‘হ্যান্ড অব গড’র কাছে প্রার্থনা জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। তার চাওয়া মানুষের জীবন ফিরুক চেনা ছন্দে।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। যে গোলটি খ্যাত ‘হ্যান্ড অব গড’ নামে।

করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনার ফুটবল মৌসুম বাতিল হয়ে গেছে। দুই মৌসুমের জন্য লিগে অবনমনও তুলে নেওয়া হয়েছে। এতে বেঁচে গেছে কোচ ম্যারাডোনার দল জিমনাসিয়া। কারণ দলটা ছিল অবনমন অঞ্চলে। অনেকে বিষয়টিকে ‘হ্যান্ড অব গড’র নতুন লীলা বলে ব্যঙ্গ করছে।

ম্যারাডোনা বলছেন, ‘আমাদের সঙ্গে যা ঘটেছে, তাকে নতুন ‘হ্যান্ড অব গড’ বলছে লোকজন। তবে আমি করোনাভাইরাস মহামারি নির্মূলে ঈশ্বরের ওই হাত দেখতে চাই। যেন লোকজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে, সুখে-শান্তিতে ও সুস্থভাবে বাঁচতে পারে।’