করোনাভাইরাসের কারণে থমকে আছে সব। মাঠে খেলা নেই অনেক দিন ধরে। এরপরও নিয়মানুযায়ী বছরের প্রথম চারমাসের দলীয় র্যাঙ্কিং হালনাগাদ করল আন্তর্জাতিক ক্রিকিট সংস্থা আইসিসি। তাতে রেটিং পয়েন্টের হিসেবে টেস্টে র্যাঙ্কিংয়ে আফগানিস্তানেরও পেছনে বাংলাদেশ।
শুক্রবার প্রকাশিত আইসিসি’র সবশেষ র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে নবমস্থানে আছে বাংলাদেশ। আর আফগানদের রেটিং পয়েন্ট ৫৭ থাকলেও আইসিসি'র তালিকায় তাদের স্থান হয়নি। পর্যাপ্ত সংখ্যক ম্যাচ না খেলায় র্যাঙ্কিংয়ে আসতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
অষ্টমস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৭৯। টানা চার বছর ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতকে হটিয়ে এই জায়গায় অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের রেটিং পয়েন্ট ১১৫। এক পয়েন্ট কম থাকা নিউজিল্যান্ড আছে দুইয়ে। তৃতীয়স্থানে নেমে গেছে বিরাট কোহলির দল।
বাংলাদেশ স্বস্তি পেতে পারে সীমিত ওভারের ক্রিকেটে। ওয়ানডেতে রেটিং পয়েন্ট বেড়েছে ১, টি-টোয়েন্টিতে ২। ওয়ানডে র্যাঙ্কিংয়ে হালনাগাদে ১ পয়েন্ট যোগ হওয়ার পর বাংলাদেশ সাতে আছে ৮৮ পয়েন্ট নিয়ে। ছয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০২।
বাংলাদেশের পেছনে শ্রীলঙ্কা, ৮৫ পয়েন্ট নিয়ে। ৭৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।
শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (১২৭), দ্বিতীয়স্থানেই আছে ভারত (১১৯)।
টি-টোয়েন্টিতে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে টাইগারদের অবস্থান অষ্টমস্থানে। সপ্তমস্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট এক বেশি। সমান পয়েন্ট নিয়ে ঠিক বাংলাদেশের পরের স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান আছে দশমস্থানে, ১২৮ পয়েন্ট।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে এসেছে অস্ট্রেলিয়া। টানা চারটি সিরিজ জয়ের সুফল পেল দলটি।
তাতে টানা ২৭ মাস শীর্ষে থাকার পর শীর্ষস্থান হারাল পাকিস্তান। একেবারে চার নম্বর অবস্থানে নেমে গেছে তারা। ইংল্যান্ড দ্বিতীয় ও ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে।