ইরফান খানকে শ্রদ্ধার্ঘ্য জানালেন পাওলো কোয়েলহো

নায়ক আর অভিনেতার ফারাক বুঝিয়ে দিয়ে গেলেন ইরফান। তার মৃত্যুশোক নিকটাত্মীয় বিয়োগের থেকে কম কিছু নয়। বলিউড, টলিউড থেকে হলিউড কেউ তার এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছে না।

তার কথা, তার ছবি ঘুরে ফিরে আসছে সকলের মুখে। ইরফানকে কয়েক লাইনের মধ্যে দিয়ে স্মরণ করলেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো। বৃহস্পতিবার ইরফানের ছবি দিয়ে অ্যালকেমিস্টের লেখক টুইট করেন, আকাশের একঝাঁক নক্ষত্রের সঙ্গে মিশে গেল আরও একটা নক্ষত্র। ধন্যবাদ ইরফান খান, এই সবকিছুর জন্য।

তার টুইটের শেষ লাইনে ভাগবত গীতা থেকে একটি উদ্ধৃতি করেন। ‘যখন জন্মেছে তখন মৃত্যুও ততটাই নিশ্চিত, মৃত্যুর জন্যই কোনো কিছুর জন্ম। তাই অনিবার্য কিছুর জন্য দুঃখ করো না।’

এভাবেই তার মকবুলকে স্মরণ করলেন লেখক। পাওলোর লেখায় একাধিকবার উঠে এসেছে জীবন, ভালোবাসা, ভাগ্য, শেষ গন্তব্যের মতো একাধিক বিষয়।

টুইটারে অনেকেই তাকে প্রশ্ন করেন, তিনি কি গীতা পড়েছেন? উত্তরে তিনি জানান গীতার যে কয়েকটি লাইন তিনি উল্লেখ করেছেন সেখান থেকেই তিনি একটি গান লিখেছিলেন। গানটি ইংরেজিতে নয়, তবে তার ইংরেজি সাবটাইটেল রয়েছে।