র‌্যাব ও ইউপি সদস্যসহ কেরানীগঞ্জে নতুন করোনা আক্রান্ত ২২ জন

কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১৭৩ জন ।

শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে র‍্যাব-১০ এর ৭ সদস্য, আগা নগর ইউনিয়নের একজন ইউপি মেম্বার, বাস্তায় ৩২ বছরের এক নারী ও ৬৬ বছরের এক বৃদ্ধ (যিনি গত ২৯ এপ্রিল মারা গেছেন) রয়েছেন। এছাড়াও কালিন্দী ইউনিয়নে একজন (৩৫ বছর), জিনজিরা ইউনিয়নে তিনজন (৫২, ৬০ ও ২৮ বছর) , রুহিতপুরে দুইজন  (৩৫, ৬০), শাক্তায় একজন (৩৮) কোন্ডায় দুইজন (৪০, ৪৫), শুভাঢ্যা ইউনিয়নে একজন (৩২) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্বাস্থ্য কর্মী রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, সরকার ও প্রশাসনের নির্দেশনা না মানায় কেরানীগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবাই এক বেলা কম খেয়ে হলেও ঘরে থাকা উচিত। সামাজিক দূরত্ব না মেনে চললে কেরানীগঞ্জের অবস্থা হবে আরও ভয়াবহ। সবাইকে করোনা থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।