করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। সুলতানুল আরেফিন (৪৪) নামের এই উপ-পরিদর্শক (এসআই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

শনিবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা আরও এক পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন।

এতে বলা হয়, সুলতানুল আরেফিনের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সুলতানুল আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।