করোনায় জন্ম নিল পৃথিবীর সবচেয়ে ছোট রেস্টুরেন্ট

এ মাসে একেবারে ভিন্ন এক রেস্টুরেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে সুইডেনে। বলা হচ্ছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ছোট রেস্টুরেন্ট। 

সিএনএন ট্রাভেল জানায়, মে মাসের ১০ তারিখ স্টকহোম থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভার্মল্যান্ডে এই রেস্টুরেন্টির উদ্বোধন হতে যাচ্ছে। 

বোর্ড ফর এন (টেবল ফর ওয়ান) নামে রেস্টুরেন্টটিতে থাকছে শুধু একটি চেয়ার এবং একটি টেবিল। পৃথিবী ব্যাপী করোনার প্রাদুর্ভাবে এই রেস্টুরেন্ট বেশ আবেদন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। আইসোলেশনে থাকা যে কোনো ব্যক্তিই সহজে উপভোগ করতে পারবে এখানে এসে।

রাসমুস পেরসন এবং লিন্ডা কার্লসন নামে এক যুগল এমন নতুন ধরনের রেস্টুরেন্টের ধারণার জন্ম দিয়েছেন। একটি রেডিওতে কাজ করেন তারা।

মূলত কার্লসনের ঘরে যখন করোনা হানা দিয়েছিল, তখন পরিবারের সবাই মিলে খাওয়াদাওয়াতে বাধা চলে আসে। সামাজিক দূরত্ব মানা আবশ্যক হয়ে যায় তখন। এমন পরিস্থিতিতে তাদের মধ্যে রেস্টুরেন্টের এই ধারণাটা মাথায় আসে টেবল ফর ওয়ান-এর ধারণাকে তারা ছড়িয়ে দিতে চান। 

করোনার প্রাদুর্ভাবের কারণে এলাকাটি এখন পর্যটকশূন্য। ফলে যে কোনো অতিথিকে নিবিড় সেবা দিতে বদ্ধ পরিকর পেরসন-কার্লসন। দিনে শুধু একজন ব্যক্তিকেই এই রেস্টুরেন্টের অতিথি হওয়ার সুযোগ দিচ্ছেন তারা। একজন অতিথির প্রতিই তারা পুরো মনোযোগ দিতে চান।  যার যেমন সামর্থ্য সব ধরনের অতিথিকেই তারা আমন্ত্রণ জানিয়েছেন। সব ধরনের সুযোগ রাখা হয়েছে এখানে।