‘কখনোই সমস্যার পুরো সমাধান দেন না ধোনি’

মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কদের একজন। অধিনায়ক হিসেবে নিজে যেমন পারফর্ম করেছেন, তেমনি সতীর্থদের থেকে বের করে এনেছেন সেরাটা। আর তাতেই মিলেছে সাফল্য।

অধিনায়ক হিসেবে আইসিসির সবগুলো বড় ইভেন্টেই ট্রফি হাতে তুলেছেন। টেস্টে দলকে নিয়ে গেছেন র‌্যাঙ্কিংয়ের চূড়ায়। সেই ধোনিকে অন্য অনেক তরুণের মতো নিজের আদর্শ মানেন রিশভ পন্ত। সরাসরি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনিকে ‘মেন্টর’ হিসেবে উল্লেখ্য করছেন। সেই সাথে জানালেন তরুণদের সাহায্যের ক্ষেত্রে ‘ক্যাপ্টেন কুল’ ধোনির নিজস্ব পদ্ধতি আছে।

সেই পদ্ধতি হচ্ছে পুরো সমাধান না দেওয়া! তরুণরা ধোনির কাছে সাহায্য চাইলে সমাধানের জন্য বিভিন্ন ইঙ্গিত দিয়ে দেন। এরপর তরুণদেরই সেটি সমাধানে উৎসাহ জোগান।

ধোনি বেশ কিছু দিন ধরে দলের বাইরে। সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে উইকেটের পেছনে ভারতের সেরা পছন্দ লোকেশ রাহুল। তার আগ পর্যন্ত অবশ্য পন্তকেই ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছিল।

তরুণ এই ক্রিকেটার তার আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে যুক্ত হন। সেখানেই ধোনি সম্পর্কে বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে তিনি (ধোনি) আমার জন্য একজন মেন্টরের মতো। যে কোনো সমস্যার মুখোমুখি হলে আমি নির্দ্বিধায় তার কাছে যেতে পারি। তবে তিনি কখনোই আমাকে পুরো সমাধান দেন না।’

পন্ত যোগ করেন, ‘এটা এ জন্য যে আমি যেন তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে না পড়ি। তিনি কিছু ইঙ্গিত দিয়ে দেন আমাকে, যেন আমি সমস্যা সমাধানে নিজেই নিজেকে সাহায্য করতে পারি।’

‘একই সঙ্গে তিনি আমার প্রিয় ব্যাটিং সঙ্গী, যদিও এমন নয় যে এটি নিয়মিতই ঘটে। মাহি ভাই (ধোনি) যদি ক্রিজে থাকে আপনি জানবেন সবকিছু সাজানো আছে। মাথায় পরিকল্পনা করা আছে এবং আপনাকে যা করতে হবে সেটি হলো তা অনুসরণ করা।’