সারা দেশের আইনজীবীদের অনুদান দেবে বার কাউন্সিল

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আদালতের কার্যক্রমও বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অসংখ্য আইনজীবী। এ পরিস্থিতিতে সারা দেশের অসচ্ছল আইনজীবীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

আইনজীবীদের আর্থিক অনুদান দেয়ার জন্য জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে বার কাউন্সিলের নেতৃবৃন্দ শনিবার ইঙ্গিত দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নজীব উল্লাহ্ হিরু দেশ রূপান্তরকে বলেন, করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ থাকায় সারা দেশের অসংখ্য আইনজীবী সমস্যায় পড়েছেন। এ জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে সারা দেশের বারগুলোর আইনজীবীদের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, আইনজীবীদের জন্য বার কাউন্সিলে রিলিফ ফান্ড ও বেনেভোলেন্ট ফান্ড ছাড়া আলাদা কোনো তহবিল নেই। স্থানীয় বার গুলো মামলার নথিপত্রে বাংলাদেশ বার কাউন্সিলের একটি ১০ টাকা মূল্যের স্টিকার ব্যবহার করে। এ বাবদ বারগুলোর কাছে আমাদের চার কোটি ৮০ লাখ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ঢাকা বারেই পাওনা রয়েছে প্রায় এক কোটি টাকা।  এ রকম প্রতিটি বারেই টাকা জমা রয়েছে। এটি বার কাউন্সিলকে দেওয়ার নিয়ম।

এখন আমরা চেষ্টা করছি এই টাকাগুলো সংগ্রহ করে আইনজীবীদের কল্যাণে ব্যয় করতে। বারগুলোকে বলব এটি বার কাউন্সিলকে না দিয়ে আইনজীবীদের দিয়ে দেওয়ার জন্য। দ্রুতই প্রক্রিয়াটি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও আর্থিক সহযোগিতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি।    

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হ‌ুমায়ূন দেশ রূপান্তরকে বলেন, কাউন্সিলের পক্ষ থেকে আইনজীবীদের আর্থিক সহযোগিতার জন্য একটি সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহেই আমরা বসে এটি কার্যকর করার উদ্যোগ নেব।

তিনি বলেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার, বরিশাল বারসহ দেশের দেশের বিভিন্ন জেলার আইনজীবী সমিতি তাদের সদস্যদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবীদের বেনেভোলেন্ট ফান্ড থেকে সহযোগিতা করা হচ্ছে। এখন বার কাউন্সিল থেকেও আইনজীবীদের সহযোগিতা করা হবে। আমরা ঋণ নয়, আইনজীবীদের অনুদান হিসেবে অর্থ দেব।