বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

করোনা ভাইরাসের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ফের পুরোদমে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের তিনটি প্রবেশ দ্বার খুলে দেয়া হয়েছে। দুপুরে ভারতীয় ট্রাক থেকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পণ্য লোড আনলোড শুরু হয়।

করোনাভাইরাসের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে নিষেধাজ্ঞা থাকায় উভয় দেশের ট্রাক থেকে নোম্যান্সল্যান্ডে পণ্য ওঠা-নামা করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউসের অ্যাসিসটেন্স কমিশনার আকরাম হোসেন জানান, আজ ভারত থেকে ১০ টি ট্রাকে করে ১৮৬ মে. টন পাটবীজ আমদানি হয়েছে। পাটবীজের এ চালানগুলো পেট্রাপোল বন্দরে আটকে ছিল ১ মাস ধরে।

পণ্য খালাসের সময় বিজিবি সদস্যদের সতর্কতার সঙ্গে ট্রাক গুলোতে জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেলেও নোম্যান্সল্যান্ডে কোন স্বাস্থ্য কর্মীকে দেখা যায়নি। বেনাপোল বন্দরের কোন কর্মকর্তা-কর্মচারীও সেখানে ছিলেন না। এছাড়া, পণ্য ওঠা-নামায় নিয়োজিত শ্রমিকদের পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক থাকা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল কাস্টমস হাউসের সুপারিনটেনডেন্ট শামীম আহম্মেদ বলেন, এসব পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষণ শেষে আজই ছেড়ে দেওয়া হবে। তবে যদি কোন আমদানি কারক তাদের পণ্য গোডাউনে রাখতে চায় সে ক্ষেত্রে ভিন্ন কথা।