গণমাধ্যমের অবাধ ও মুক্ত ভূমিকা পালনে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। করোনা পরিস্থিতিতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ জানিয়েছে সংস্থাটি। বলছে, নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহ সচল রাখা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হয়রানি নয়, বরং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করুন।’
আজ রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের গণমাধ্যম নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। করোনা সংকটে জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা ও নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকিভাতা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানাচ্ছি।