ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৪) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তৌহিদুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর এলাকার সাঈফুল ইসলামের ছেলে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন জানান, তিনকোনা পুকুরপাড় এলাকার একটি মেসে ঢুকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মেসমালিক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হত্যাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিশ^বিদ্যালয় প্রশাসন সক্রিয় থাকবে।