ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে কভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সেখানে রোগী ভর্তি শুরু হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
২৪ ঘণ্টা করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়া হবে জানিয়ে নাসির উদ্দিন বলেন, এখানে করোনা সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের ভর্তি ও চিকিৎসা দেওয়া হবে। এখানে করোনা রোগীরা একই সঙ্গে নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগসহ প্রয়োজনীয় সব রোগেরই চিকিৎসা পাবে। করোনা সংক্রমিত অন্তঃসত্ত্বা নারীদেরও সব ধরনের চিকাৎসা দেওয়া হবে এখানে।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. এ এফ এম আরিফুল ইসলাম নবীন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা আক্রান্তের সামান্য লক্ষণ রয়েছে যাদের, তাদের পরীক্ষা করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে। এ ছাড়া গুরুতর রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা টানা সাত দিন ডিউটি করবেন। এরপর ১৪ দিন আবাসিক হোটেলে থাকবেন। এর মধ্যে করোনা পজিটিভ না হলে তারা আবার সাত দিন চিকিৎসা দেবেন।