করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই দেশের প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালেই অন্য রোগীর সেবা দিতে হচ্ছে চিকিৎসকদের। আর এই দুর্যোগকালে যখন চিকিৎসকরা জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তখনি কিশোরগঞ্জে প্রাণনাশের হুমকি পেলেন এক চিকিৎসক।
গত বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডের নরসুন্দা রিভারভিউ ক্লিনিকের অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট সাদেক হোসেন শাকিলকে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিতের প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডা. শাকিল বলেন, গত ২৯ এপ্রিল দুপুরে জরুরি সিজার অপারেশনের অ্যানেস্থেসিয়ার জন্য ক্লিনিকে যাই। পরে বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল রোডে আমার বাসায় যাওয়ার সময় একই এলাকার শফিকুল ইসলাম মানিকসহ অজ্ঞাতনামা কয়েকজন গাড়ির গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে টেনেহিঁছড়ে বের করে ও প্রাণনাশের হুমকি দেয়। আমাকে গালাগালি করে বলে যে, ‘তোর বাসার মালিক করোনায় আক্রান্ত। তুই বাসা থেকে বের হলি কীভাবে। তুই বাসায় থাকবি, বাসায় না থাকলে তোকে এবং তোর গাড়ি ভাঙচুর করে তোকে পঙ্গু করে রাখব।’
কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।