হবিগঞ্জে ৭২ আক্রান্তের অর্ধেকই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের

হবিগঞ্জের করোনা আক্রান্তদের প্রায় ৫০ শতাংশ স্বাস্থ্য ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। গতকাল শনিবার দুপুর পর্যন্ত জেলায় ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, ব্যাংকার মিলে রয়েছেন ৩৬ জন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের ৫ জন চিকিৎসক, ৫ জন নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ ৮ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ১ জন ব্যাংক কর্মকতা ও ১ জন এনজিও স্বাস্থ্যকর্মীও আছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১ মে পর্যন্ত জেলা থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ২ হাজার ৮১টি। ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১৪৬টি। এর মধ্যে ৭২টি পজিটিভ এবং ১ হাজার ৭৪টি নেগেটিভ। এর আগে করোনা আক্রান্ত চুনারুঘাট উপজেলার চ-ীছড়া চা-বাগানের শ্রমিকের সন্তান আবাস তন্তবায় (৫) সিলেটের শামছু্দ্দিন হাসপাতালে গত সপ্তাহে  মারা গেছে।

গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা মাইক্রোবাস চালক মোয়াজ্জেম জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।