করোনাভাইরাসের সংক্রমণ কাটিয়ে উঠছেন জুভেন্টাস তারকা ব্লেইস মাতুইদি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে, মাঝ মাঠের এই খেলোয়াড় জানালেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকেই আক্রান্ত হন মাতুইদি। কভিড-১৯ এ আক্রান্ত হন তার দুই সতীর্থ দানিয়েলে রুগানি ও পাওলো দিবালাও। এরই মধ্যে মাতুইদি ও রুগানি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও দিবালার শরীরে করোনার সংক্রমণ এখনো রয়ে গেছে।
করোনায় আক্রান্ত হওয়ার সময়টা কেমন ছিল, সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে একটি ইউটিউব চ্যানেলকে ফরাসি ফুটবলার মাতুইদি বলেন, “খুবই ধাক্কা খাওয়ার মতো খবর ছিল, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম।”
“আমার রিপোর্ট পজিটিভ আসার পর আমি কিছু কেনার জন্যও বাইরে যেতে পারতাম না। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।”
“মানুষজন যাতে আমার খুব কাছে না আসে আমি সব সময় সেই চেষ্টায় থাকতাম। এসব ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে। এটা সারতে সময় লাগবে। এটা আমাদের সবার জন্যই নতুন একটা পরিস্থিতি।”
“আমার করোনার কোনো লক্ষণ ছিল না। এরপরও রিপোর্ট পজিটিভ এসেছে খবর শুনে আমি মর্মাহত হয়েছিলাম। আমি পুরো ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আমার পরিবার, বন্ধুদের জন্য ভয় লাগতে থাকে।”
ইতালিতে এরই মধ্যে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমতে শুরু করেছে। দেশটিতে এই ভাইরাসে মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ! করোনার প্রাদুর্ভাব কমে আসায় খেলায় ফেরার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্লাবগুলো।