রবিবার আরও ৩৮৫ জন বন্দী মুক্তি পাচ্ছেন

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে শুরু হওয়া কারাবন্দী মুক্তির প্রক্রিয়ায় রবিবার আরও ৩৮৫ জন বন্দী কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, করোনা প্রেক্ষাপটে কারাগারগুলোতে চাপ কমাতে কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেওয়া হবে। শনিবার ১৭০ জনকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়।

কর্তৃপক্ষ বলছে, যাদের মুক্তি দেওয়া হচ্ছে, তারা সবাই লঘু দণ্ডে দণ্ডিত। সর্বোচ্চ এক বছর যাদের সাজা, তারাই এই তালিকায় রয়েছেন। তালিকা করা বন্দীদের ছয় মাস থেকে এক বছর, তিন মাস থেকে ছয় মাস এবং শূন্য থেকে তিন মাস—এই তিনটি ভাগে ভাগ করে মুক্তি দেওয়া হচ্ছে।

সারা দেশে ৬৮টি কারাগার রয়েছে। এসব করাগারের ধারণক্ষমতা ৪১ হাজার হলেও ৮৫ হাজারের বেশি বন্দী অবস্থান করছেন বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে।