‘ব্যাটগুলো কাঁদছে, কবে যে ব্যাট করব আবার’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘর বন্দী সময় কাটাতে হচ্ছে সবাইকে। মাঠে খেলা নেই, ক্রিকেটাররাও তাই বাসাতেই কাটাচ্ছেন। তবে খেলাবিহীন এই সময়টা খারাপ লাগছে না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাপারটা অবশ্য ভিন্ন।

কঠোর পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সমাদৃত মুশফিক এই বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছেন। বিশেষ করে নতুন ব্যাটগুলোর জন্য মন কাঁদছে তার।

শনিবার রাতে ইনস্টাগ্রাম লাইভে প্রায় ঘণ্টা খানিক আড্ডা দেন তামিম ও মুশফিক। বয়সভিত্তিক দল থেকেই দুজনে ‍খুব ভালো বন্ধু। দুই বন্ধুর এই আড্ডাও তাই ছিল প্রাণবন্ত। দুজনের অনেক অজানা গল্প যেমন ওঠে এসেছে, তেমনি এসেছে ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনাও।

তবে দুজনের আড্ডার শুরুতেই কথা হয় বর্তমান পরিস্থিতি নিয়ে। তামিম বলেন, ‘এই সময়টা কেন জানি আমার খারাপ লাগছে একেবারেই। নরমালি তো আমরা এত বেশি সময় পাই না।’

মুশফিক বলেন, ‘তা ঠিক, চাইলেও এমনটা পাওয়া হয় না। তবে আমার একটু বোরিং লাগছে। খারাপ লাগছে, ব্যাট-ট্যাট খুব মিস করছি।’

‘এত দীর্ঘ সময় তুই কবে ব্যাট ছাড়া থেকেছিস…।’- মুশফিকের উদ্দেশ্যে বলেন তামিম।

মুশফিক বলেন, ‘প্রতিদিনই বাসায় ব্যাট ধরি। তবে নতুন ব্যাটগুলো কাঁদছে। কবে যে ব্যাট করব আবার…।’

তামিম আশা প্রকাশ করেন খুব দ্রুতই স্বাভাবিক জীবন ফিরবে।