লেবাননে নারী বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিল এক ব্যক্তি। এই ঘটনায় অভিযানে নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ, সেইসঙ্গে উদ্ধার করে ওই নারীকে।
বিবিসি জানায়, এক নাইজেরীয় নারীকে বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দেয়া হয়েছিল। এই পোস্ট নিয়ে নাইজেরিয়াতে তোলপাড় সৃষ্টি হয়।
নাইজেরিয়া কর্তৃপক্ষ জানায়, উদ্ধা হওয়া ৩০ বছর বয়সী ওই তরুণী এখন নিরাপদে আছে। তিনি এখন বৈরুতের নাইজেরিয়ার দূতাবাসে অবস্থান করছেন।
তবে ওই নারীকে কীভাবে উদ্ধার করল লেবানন পুলিশ সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে করোনা মোকাবিলায় দেশটিতে লকডাউন চলায় ওই নারীকে উদ্ধারে সহজ হয়েছে বলে জানায় নাইজেরীয় কর্তৃপক্ষ।
লেবাননে এই ধরনের ঘটনা নতুন নয়। দেড় সপ্তাহ আগেও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ফেসবুকে এক হাজার ডলারে গৃহকর্মী বিক্রির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এদিকে জাতিসংঘ জানায়, প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু নাইজেরিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশগুলো থেকে পাচার হয়। মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে ইউরোপ-এশিয়ায় তাদের বিক্রি করে দেয় পাচারকারীরা। দাসবৃত্তি ও পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হয় এসব নারী-শিশুকে।
গত বছর কুয়েতে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, অনলাইনেই গৃহকর্মী বেচেকেনা চলছে। এমন ভয়াবহ চিত্রে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়।