তৌহিদ হত্যার বিচার দাবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে(২৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়য়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ফোনের মাধ্যমে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। আমাদের সন্তান হত্যার বিচার চাই এবং সেটি অনতিবিলম্বে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

অন্য দিকে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়য় শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস স্ট্যান্ড ও ময়মনসিংহ শহরে জেলা প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য রাখেন শাহীন হোসাইন সাজ্জাদ, কবীর আহমেদ সাকিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, সাদিকুল ইসলাম সকাল, সাব্বির আহম্মেদ সৈকত, মুনমুন সরকার, অভিষেক রঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনুন। নতুবা এই দুর্যোগ সময়েও ঘরে বসে থাকবে না শিক্ষার্থীরা। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।

সেই সঙ্গে নিহতের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতারও দাবি করা হয় মানববন্ধন থেকে।

শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেস মালিক মো. সোলায়মান এর বাসায় ভাড়া থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, আসামি শনাক্ত করতে ও আইনের আওতায় আনতে আমরা তৎপর। আশা করি আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আনতে পারব।