ঢাকার কেরানীগঞ্জে মো. মজিবুর (৫২) নামে এক গৃহকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে তেঘরিয়া ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড এলাকায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে মজিবর রহমানের পরিবারের লোকজন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরাদেহ উদ্ধার করি। তিনি পেশায় একজন গাড়ির ড্রাইভার। তিনি তেঘরিয়া ইউনিয়নের পৈত্রিক বাড়িতে ৪ তলায় স্ত্রী ও দুই মেয়েসহ বসবাস করতেন। তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পারি তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মজিবর রহমানের মৃত্যুর ঘটনাকে হত্যা বলে দাবী করছে তার স্বজনেরা। নিহতের ভাই মো. মাহবুব বলেন, রাতে আমার ভাইর মৃত্যুর ঘটনায় ভাবী শারমিন আক্তার আমাদের না জানিয়ে বাহিরের এক লোককে জানায় যে ভাই ফাঁসি দিয়েছে, পরে সে এসে আমাদের বলে যে আমাদের ভাই মারা গেছে। ভাবী আমাদের বাড়ির কাউকে কেন জানালো না? কয়েকদিন আগে আমার মায়ের গায়েও হাত দিয়েছিলো ভাবী, এছাড়া সে কৌশলে কিছুদিন আগে ভাইয়ের কাছ থেকে জায়গা সম্পদ সব লিখে নিয়েছে। ভাইর সাথে খারাপ ব্যবহার করতো সে। আমার মা পুলিশের কাছে অভিযোগ করেছে যে ভাবীই ভাইকে হত্যা করেছে।