করোনা মোকাবিলা

আইসিডিডিআরবিকে ৪৪ লাখ টাকা দেবে ইউনিলিভার

করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) চলমান জরুরি সেবা কার্যক্রমে সহায়তা করবে ইউনিলিভার বাংলাদেশ। গতকাল রবিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

সমঝোতা অনুযায়ী, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) ক্রয় ও করোনা রোগীদের জন্য অস্থায়ী সেবা কেন্দ্র নির্মাণে আইসিডিডিআরবিকে ৫২ হাজার মার্কিন ডলার (প্রায় ৪৪ লাখ টাকা) দেবে ইউনিলিভার বাংলাদেশ। এ ছাড়া আইসিডিডিআরবিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন পণ্য, মেডিকেল ও ল্যাব সরঞ্জাম এবং করোনা শনাক্তের টেস্টিং কিটও দেবে ইউনিলিভার।

বিজ্ঞপ্তিতে ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকা কেদার লেলে বলেন, ‘করোনা মহামারীর এ কঠিন সময়ে আমাদের দায়িত্ব, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদের সাহায্য করা। চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিলিভার বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। জরুরি সহায়তা কর্মসূচিতে হাত বাড়ানোয় ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানান আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেনস। তিনি বলেন, সবাই এগিয়ে এলে করোনা-সৃষ্ট বিপর্যয় সহজেই কাটিয়ে ওঠা সম্ভব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে ইউনিলিভার।