নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ সাংবাদিককে আটকের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে একাই দাঁড়ালেন সুনামগঞ্জের এক সাংবাদিক। গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ প্রতিনিধি শহিদ নুর ঘণ্টাব্যাপী অবস্থান নেন।
গত শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় নরসিংদীর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫), স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম বাদী হয়ে মামলা করেন।
দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার অনলাইন সংস্করণে ‘ঘোড়াশালে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের’ শিরোনামে একটি এবং নরসিংদী প্রতিদিনে ‘ঘোড়াশাল ফাঁড়িতে নেওয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল সাংবাদিক শহিদ নুর বলেন, নরসিংদীতে ৩ সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়েছে এটা সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আজ (গতকাল) বিশ^মুক্ত গণমাধ্যম দিবসে ৩ সাংবাদিক কারাগারে। দিন দিন সাংবাদিকতার কণ্ঠরুদ্ধ করা হচ্ছে। তাই দ্রুত ওই ৩ সাংবাদিককে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করতে হবে।