করোনাভাইরাস রোধে আদালত বন্ধ থাকা এবং সংকটময় এ পরিস্থিতিতে আইনজীবী সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বোচ্চ ৭৫ হাজার ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা করে ঋণ দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি আরও জানান, ২০০০ সাল বা তার আগে সমিতিতে তালিকাভুক্ত সদস্যদের মধ্যে এককালীন ৭৫ হাজার টাকা, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪০ হাজার টাকা এবং ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তালিকাভুক্ত সদস্যদের এককালীন ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। ঋণগ্রহণকারী সদস্যরা পাঁচ কিস্তিতে (২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত) এ ঋণ পরিশোধ করবেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মোট ঋণের ওপর ৯ শতাংশ হারে অতিরিক্ত অর্থ দিতে হবে। আর ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করতে না পারলে সংশ্লিষ্ট আইনজীবীর সদস্যপদ স্থগিত করা হবে।