বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি গবেষণা সংগঠন ‘ভয়েস’ গতকাল রবিবার অনলাইন আলোচনা সভা করেছে। সভায় সাংবাদিক, অধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘গণমাধ্যমের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ অবিলম্বে অপসারণ এবং অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে সাংবাদিকতার সক্রিয় পরিবেশ তৈরি করতে হবে।’
অনলাইন সভায় উপস্থিত ছিলেন ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, আরটিকেল ১৯-এর এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেখক ও গবেষক আরশাদ সিদ্দিকী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মো. সাইমুম রেজা তালুকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ভয়েস-এর গবেষক আফতাব খান শাওন, সেতুর পরিচালক আব্দুল কাদের, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার কে এম এনামুল হক। বিজ্ঞপ্তি।