লকডাউন অমান্য ব্যবসায়ীর পাশাপাশি ক্রেতাদের জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ী এবং কেনাকাটা করতে যাওয়ায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার নুরপ্লাজা মার্কেট ও সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

ইউএনও মুনতাসির জাহান জানান, লকডাউন অমান্য করে নুরপ্লাজা মার্কেট ও সোনাপুর বাজারে জুতা এবং কাপড়ের দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ীকে; কেনাকাটা করতে আসায় ১০ ক্রেতাকে মোট ৯৯০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. রিজোয়ানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় পাঁচ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে পৌর শহরের সদর রোড ও স্বর্ণকার পট্টিতে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু ম-ল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকান খোলা রাখায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ও ২৬৯ ধারায় তিনজনকে ৭ হাজার ৫শ’ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দুজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।