বরখাস্ত ও আধিপত্যের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় গতকাল রবিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অবশ্য দুজনের কেউ বিজয়ী হতে পারেননি। এরপর থেকেই দুজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যে চরম উত্তেজনা দেখা দিত। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই গতকাল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২) ও ফিরোজ সাহী (৪২)। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বেল্লাল মোল্লা ও রাজু হাওলাদারের কাউকেই যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজন সদর হাসপাতালে ভর্তি আছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ আরও বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে, ভোলার মনপুরা উপজেলায় সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর সাময়িক বরখাস্ত হওয়ার পর সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গ্রুপ উল্লাস করে মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে মনপুরা হাসপাতালে। গত শুক্রবার রাতের ওই ঘটনার জের ধরে গতকাল রবিবারও রামনেওয়াজ বাজারে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।