মুন্সীগঞ্জের তিন উপজেলায় গতকাল রবিবার চিকিৎসক, নার্সসহ ১৩ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের ৫ স্বাস্থ্য কর্মী ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সসহ দুজন। এ ছাড়া সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও গজারিয়া উপজেলায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত রয়েছেন। এ ছাড়া জেলা পুলিশের আরও তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল দুপুরে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রবিবার সিভিল সার্জন কার্যালয়ের হেড অ্যাসিসট্যান্ট, স্টোর কিপার, ইপিআই সুপারিনটেনডেন্ট, নৈশ প্রহরী ও অফিস সহকারীর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের একজন নার্স ও একজন অ্যাম্বুলেন্সচালকের করোনা শনাক্ত হয়। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনের করোনা শনাক্ত হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডার ও তিনজন পরিচ্ছন্নতাকর্মীর করোনা শনাক্ত হয়েছে।