‘ঘনিষ্ঠতা’ এড়িয়ে শুটিং

লকডাউনের কারণে অনেকদিন বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের সিনেমা ও সিরিয়ালের শুটিং। বেগতিক অবস্থায় শুটিং নিয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া কিছু প্রস্তাব দিয়েছে। যেখানে ‘ঘনিষ্ঠতা’ এড়ানোর প্রতি বিশেষ নজর রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোশ্যাল ডিসটেন্সিং অ্যান্ড হেলথ কশন রেগুলেশনের আওতায় ১৪টি নিয়ম রয়েছে প্রস্তাবনায়।

যেমন; শুটিং ফ্লোরে মাস্ক, গ্লাভস, জুতো পরতে হবে টেকনিশিয়ানদের। দুজন কুশলীর মধ্যে ৩ ফুটের দূরত্ব থাকতে হবে। নন-ফিকশন শো-এ সঞ্চালক ও প্রতিযোগীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। রাজ্য করোনামুক্ত হওয়ার আগে আউটডোর শুটিংয়ের অনুমতি দেওয়া হবে না। কোনো প্রেগন্যান্ট শিল্পীকে নিয়ে শুটিং করা যাবে না। টেকনিশিয়ানদের বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে, যার মূল্য প্রযোজকের তরফে দিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে।

টেলিভিশনে ধারাবাহিকে সাধারণত ড্রয়িংরুমে ছয়-সাত জন শিল্পীর মধ্যে সংলাপ বিনিময়ই মূল আকর্ষণ। কিন্তু এত শিল্পী তিন ফুট করে দূরত্ব রেখে সংলাপ বললে শুটিং করা সম্ভব নয়। সে কারণেই কিছুদিনের জন্য অধিকাংশ দৃশ্যে দুজন বা বড়জোর তিনজন শিল্পীকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় শুটিং ফ্লোর ও টয়লেট স্যানিটাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে। শিল্পীদের সহযোগী বা ড্রাইভার শুটিং ফ্লোরে ঢুকতে পারবেন না। নিজেদের মেকআপ কিট ব্যবহার করতে হবে। শিল্পীদের কলটাইমও মেনে চলতে হবে।

বলা হচ্ছে, এভাবে শুটিং হলে ইউনিটে লোকসংখ্যা কমবে। ফলে কিছু আর্টিস্ট, মেকআপ আর্টিস্টের সহযোগীরা কাজ না থাকায় বিপদের মুখে পড়বেন। পাশাপাশি এমন নিয়ম মেনে সিনেমার শুটিং করা সম্ভব নয়।

তবে টেলিভিশনে সাময়িক স্বস্তি আনছে লকডাউনের বিশেষ এপিসোড। সবচেয়ে চর্চিত ধারাবাহিক ‘শ্রীময়ী’র বিশেষ পর্বের পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। শ্রীময়ী চরিত্রে ইন্দ্রাণী হালদারকে এর আগে রবীন্দ্রসংগীত গাইতে দেখেছেন দর্শক। এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ পর্ব। যেখানে শিল্পীরা শুটিং করবেন নিজেদের বাড়িতে থেকে। ‘শ্রীময়ী’র আগে তিনটি নন-ফিকশন আর দুটি ফিকশনের এমন বিশেষ পর্ব তৈরি হয়েছে।