৪২১ কোটি টাকা লোন নেয়ার পর আরও বেতন কাটছে অস্ট্রেলিয়া

২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত বেতন কাটার পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমন ঘোষণার ভেতর বোর্ডটি আবার ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার বা ৪২১ কোটি টাকার বেশি লোন নিয়েছে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি মোট ১ হাজার ৬৮৪ কোটি টাকা লোন চেয়েছে কমনওয়েলথ ব্যাংকের কাছে।

করোনার কারণে আয় বন্ধ হওয়ায় গতমাসে প্রায় ২০০ কর্মকর্তাকে ২০ শতাংশ বেতন কম দেয় সিএ। জুন পর্যন্ত এভাবে চলবে।

এভাবে সব মিলিয়ে প্রায় ২৬ কোটি টাকা বাঁচানোর পরেও এত টাকা লোন নেয়ায় দেশটির সংবাদমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করা হয়েছে।

একাধিক পত্রিকায় বলা হয়েছে, বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে সিরিজটি না হলে সিএ ব্যাংকের কাছে আরও লোন চাইবে। কর্মকর্তারা বলছেন, নিরুপায় হয়ে তারা এভাবে লোন নিচ্ছেন।

সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, ২০ থেকে বাড়িয়ে আরও ৫ শতাংশ বেতন কাটার পরিকল্পনা আছে তাদের। তার আশঙ্কা, যদি এভাবে বেতন না কাটা হয়, তাহলে আগস্টেই হয়তো সব অর্থ ফুরিয়ে যাবে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার’স অ্যাসোসিয়েশন বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট শেন ওয়াটসন। ক্রিকেটারদের স্বার্থরক্ষাকারী সংগঠনের দায়িত্বে থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর্থিক বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলবেন।