ভারতে লকডাউন শিথিল হতেই মদের দোকানে মানুষের লাইন

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ভারতে সোমবার থেকে তৃতীয় দফায় দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে এই লকডাউনের মধ্যেই খোলা থাকবে মদের দোকান। কিনতে হবে একটু বেশি দামেই।

এনডিটিভি জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা জানা গিয়েছিল। ফলে এদিন সকাল থেকেই মদের দোকানগুলোতে ভিড় জমায় মানুষ।

দিল্লি, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও মদ কিনতে ঘর থেকে বের হয়েছেন অনেক মানুষ। কালীঘাটে এক মদের দোকানে অনেক ভিড়ও দেখা যায়। ভিড় সরাতে শেষ পর্যন্ত মৃদু লাঠিচার্জ করতে হল পুলিশকে। 

লাইনে থাকা সকলের মুখেই মাস্ক দেখা গেলেও সামাজিক দূরত্ব মানছিলেন না বেশির ভাগ মানুষ। এরপর পুলিশের তাড়া খেয়ে দৌড়তে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে। 

গত ২৫ মার্চ ভারত জুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে অন্যান্য দোকানের মতো মদের দোকানও বন্ধ ছিল। সোমবার থেকে মদের দোকান খোলার কথা জানা গেলেও এখনও নিশ্চিত নয় কবে ও কখন থেকে রাজ্যে মদের দোকানগুলি খুলবে।

সোমবার বিকেলেই রাজ্যের মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হবে কী কী খোলা থাকবে ও কী কী এখনও বন্ধ থাকবে। সেই তালিকায় থাকতে পারে মদের দোকানও।

এদিকে দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।