বাঁদরামির চূড়ান্ত: বাইক চেপে শিশু অপহরণের চেষ্টা!

বাঁদরামির চূড়ান্ত করে ছাড়ল! সম্প্রতি বাঁদরের বিচিত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

খেলনা বাইক সদৃশ বাইসাইকেল চেপে এসে এক বাঁদর যেভাবে এক শিশুকে চুরি করতে উদ্যত হয়েছিল তা দেখে শিউরে উঠেছেন অনেকে।

ভিডিও’তে দেখা যাচ্ছে, বেঞ্চের উপরে বসে রয়েছে ওই শিশু। দূর থেকে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় বাঁদরটি। বেঞ্চের সামনে পৌঁছেই সাইকেল ফেলে দিয়ে শিশুটিকে ধাক্কা মারে। তারপর মাটিতে পড়ে যাওয়া শিশুটির পোশাক আঁকড়ে তাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে। ছোট্ট মেয়েটি হতভম্ব হয়ে যায় গোটা ঘটনায়।

আশপাশের মানুষজনকে হইহই করে উঠতে দেখা যায়। শেষ পর্যন্ত ‘অপহরণ'-এর পরিকল্পনা ত্যাগ করে চম্পট দেয় বাঁদরটি। মুক্তি পেয়ে শিশুটি দ্রুত ফিরে যায় বেঞ্চে।

অবসরপ্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড় রেক্স চাপম্যান ভিডিওটি শেয়ার করেন টুইটারে। ফুটেজটি শেয়ার করে তিনি লেখেন, ‘‘মনে করতে পারছি না শেষ কবে একটা বাঁদরকে মোটর সাইকেলে চেপে এসে শিশু চুরির চেষ্টা করতে দেখেছি।”

ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ৪০ লাখবার। প্রায় ১৬ হাজারবার রিটুইট হয়েছে।