দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন।
সোমবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৮৮ জনের। এ নিয়ে ১০ হাজার ১৪৩ জনের করোনা শনাক্ত হলো।
অধ্যাপক সুলতানা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত সবাই পুরুষ। তাদের তিনজন ঢাকার, একজন সিলেট ও একজন ময়মনসিংহের। এ নিয়ে করোনায় মোট ১৮২ জনের মৃত্যু হলো।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ১৪৭ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে ১ হাজার ২০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
অধ্যাপক সুলতানা বলেন, করোনা আক্রান্ত বা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৬৩৬ জন আইসোলেশনে আছেন। গত ২৪ ঘণ্টায় ৯১ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।