বেতনের দাবিতে বনানীতে পোশাক শ্রমিকদের অবরোধ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কর্মীরা।

বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় নামেন আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার কর্মীরা।

খবরটি নিশ্চিত করে বনানী থানার ওসি নূরে আজম মিয়া দেশ রূপান্তরকে বলেন, “বেতন ভাতার দাবিতে বনানীর আফকো আবেদীন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।”

আরও জানান, বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

জানা গেছে, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনো খুলেনি।