বিশ্ববিদ্যালয় এলাকায় একটি আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) দুই কর্মচারী এবং এক দোকানীকে আটক করেছে প্রশাসন। এ সময় তাদের কাছে ৪৪ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি বল্লম, সোলার প্যানেল, জগ-গ্লাস ও কাঁথা বালিশ উদ্ধার করা হয়।
আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী মহিউদ্দিন, স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মচারী হাসান এবং সেন্ট্রাল ফিল্ড-সংলগ্ন দোকানি নাছির। মহিউদ্দিন শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজিম উদ্দিনের ভাই।
সোমবার দুপুরে চবি সমাজবিজ্ঞান অনুষদের উত্তরে বঙ্গবন্ধু হল-সংলগ্ন পাহাড়ের একটি ঘর থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের লীজ নেওয়া জমি চাষাবাদ ও দেখাশুনার স্বার্থে বেশ কয়েকজন লোক সেখানে থাকত। গোপণ সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল বডির অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে পাহাড়ে অবস্থিত একটি আস্তানায় অভিযান পরিচালনা করি। এ সময় ৪৪ পিস ইয়াবা ও সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশে হস্তান্তর করছি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।