২৮ তাইওয়ানির ঢাকা ত্যাগ

দেশে ফেরার পালায় এবার যোগ হয়েছে তাইওয়ান। ঢাকায় বসবাসরত ২৮ তাইওয়ান নাগরিক গতকাল সোমবার দেশে ফিরে গেলেন। এছাড়া কুয়েত থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গতকাল দুপুর ১২টায় ইউএস বাংলার একটি  ফ্লাইটে ২৮ তাইওয়ানি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রথমে তারা ঢাকা থেকে দিল্লি যাবেন। পরে সেখান থেকে চায়না ইস্টার্নের একটি ফ্লাইটে তাইওয়ান ফিরে যাবেন। এদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী। করোনা তা-বের কারণেই তারা ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।

এদিকে  সন্ধ্যা ৬টায় কুয়েত থেকে ফিরে এসেছে ১৪৪ জন বাংলাদেশি। কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন। নিয়ম অনুযায়ী তারা সবাই সেখান থেকে করোনামুক্ত স্বাস্থ্য সনদ নিয়ে আসেন। যে কারণে তাদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হয়নি। তবে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া  হয়েছে।

এর আগেও তিন দফায় প্রায় ৪০০ বাংলাদেশি কুয়েত থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। আরও অন্তত পাঁচ শতাধিক বাংলাদেশি ফেরার অপেক্ষায় রয়েছেন।