করোনার সঙ্গে দীর্ঘবাসের প্রস্তুতি নিতে বললেন কেজরিওয়াল

দুই দিন আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, দিল্লি লকডাউন তুলে নেওয়ার জন্য প্রস্তুত। সোমবার তিনি দিল্লিবাসীর উদ্দেশে আবারও বলেন, রাজধানীকে পুনরায় খুলে দেওয়ার সময় হয়েছে। আমাদের করোনাভাইরাসের সঙ্গে বসবাসের জন্য প্রস্তুত হতে হবে। এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪ হাজার ১২২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৬ জন আর মারা গেছে ৬৪ জন। এ অবস্থার মধ্যেই লকডাউন শিথিল করেছে দিল্লি সরকার। সোমবার এক প্রেস কনফারেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, সংক্রমিত এলাকাগুলো বন্ধ রাখার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছি। বাকি এলাকাগুলোকে সবুজ জোন হিসেবে চিহ্নিত করা যেতে পারে। সবুজ জোনের দোকানগুলো জোড়-বিজোড় দিন হিসেবে খোলা রাখা যায়। লকডাউন পুরোপুরি উঠে যাওয়ার পরও এটা থাকতে পারে। যদি সংক্রমণ আবার বাড়ে তাহলে সেটা মোকাবিলায়ও আমরা প্রস্তুত।

বেসরকারি অফিসও খোলার ঘোষণা দিয়েছে দিল্লি। তবে ৩৩ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। সেটা আবার আইটি ও জরুরি সামগ্রী উৎপাদন কারখানা বা অফিস। এ ছাড়া প্রয়োজনীয় পণ্য, আইটি পরিষেবা, কল সেন্টার ও ব্যক্তিগত সুরক্ষা পরিষেবাগুলোর জন্য ই-বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে পারে। তবে জনবহুল মার্কেট এলাকা অবশ্যই বন্ধ থাকবে। স্টেশনারি ও মুদিদোকান খোলা রাখা যাবে আবাসিক ও পাড়া-মহল্লায়।