সুনামগঞ্জে এমপিকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ায় সাংবাদিক গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহতাব উদ্দিন তালুকদার (৪০) এসএ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।

সোমবা রাত ১২টায় জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকদারের বিরুদ্ধে মা্মলাটি করেন উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান। তিনি এমপি মোয়াজ্জেম হোসেনের সমর্থক হিসেবে পরিচিত।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বাদী তার এজহারে উল্লেখ করেছেন, মাহতাব উদ্দিন তালুকদার তার নিজের ফেইসবুকে সোমবার রাত নয়টা ৪৫মিনিটে ‘সাংসদ মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে’ লিখে একটি পোস্ট দেন।

এ ঘটনায় বেনুয়ার হোসেন খান মামলা দায়েরের পর তারা বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে সদর থানার পুলিশ ধরমপাশা থানা পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়ার আগে সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান- তার ফেইসবুক আইডিটি কে বা কারা হ্যাক করে এমপির বিরুদ্ধে এমন পোস্ট দিয়েছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করতেও চেয়েছেন।

মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান। মাহতাব উদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের স্বরুপগঞ্জ গ্রামে।