ঝিনাইদহে সাবেক এমপি-চিকিৎসকসহ ৭ জন করোনা আক্রান্ত

ঝিনাইদহে সাবেক এমপি এবং তিন চিকিৎসকসহ আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে সাতজনের রিপোর্টে করোনা পজিটিভ ও ২৮ জনের নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালের দুজন চিকিৎসক, কালীগঞ্জের একজন সাবেক সংসদ সদস্য ও একজন স্বাস্থ্য কর্মীসহ দুজন, কোটচাঁদপুরে একজন চিকিৎসক ও শৈলকুপা উপজেলার দুই নারী।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত সাতজনের বাড়ি লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান দেশ রূপান্তরকে জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়া সবার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ ঘটনার পর থেকে জেলা পুলিশসহ আইনশৃখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ঝিনাইদহে ২৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় জেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।