মির্জাপুরে স্বাস্থ্যকর্মীসহ দুইজনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী।

জানা গেছে, সোমবার মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগ তত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায় স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে মঙ্গলবার দুইজনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত দুজনেই পুরুষ। এদের মধ্যে একজন একটি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত এবং অপরজন দিনমজুর।

মির্জাপুরে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৩ জনের। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন। আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন মারা গেছেন। বাকি একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।